নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দিঘী বরাব এলাকায় গত রবিবার এক বিকাশ কর্মকর্তাকে গুলিতে জখম করে কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় সোমবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী রুবেল অধিকারী জানান, তিনি মুড়াপাড়া ব্রাদার্স রিয়াজ উদ্দিন খান প্লাজায় অবস্থিত জামাল অ্যান্ড কোম্পানি-৩ (বিকাশ) এর ডিস্ট্রিভিউশন অ্যান্ড মার্চেন্ডাইজিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই কোম্পানির ডিএসও শাকিল মিয়া গত রবিবার দুপুরে দিঘী বরাব এলাকার বিভিন্ন এজেন্টদের কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে রিকশাযোগে রূপসী যমুনা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাঈদ মার্কেট বালুর মাঠের কাছে পৌঁছামাত্র একটি মোটরসাইকেল যোগে ৩ জন ছিনতাইকারী এসে রিকশার গতিরোধ করে। একজন মোটরসাইকেল নিয়ে চলে যায়। অপর দুইজন শাকিল মিয়ার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে পিস্তল বের করে তারা শাকিলের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় শাকিল ‘ছিনতাইকারী ছিনতাইকারী’ বলে চিত্কার শুরু করলে ছিনতাইকারীরা শাকিলের ডান পায়ে গুলি করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে পার্শ্ববর্তী ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক বলেন, যে কোনো মূল্যে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করা হবে। সেই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
বসতবাড়িতে হামলা ভাঙচুর, নারীকে কুপিয়ে জখম
সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে সেখানে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কাজে তাদের বাধা দিতে গেলে এক নারীকে তারা চাপাতি দিয়ে কুপিয়ে জখম এবং আরও দুই জনকে পিটিয়ে আহত করেছে বলেও জানা গেছে।
অভিযোগকারী মাছুম মিয়া জানান, মাস ছয়েক আগে তার স্ত্রী তাহমিনা বেগমের বড়ভাই সুমন মিয়ার সঙ্গে হাটাব আতলাশপুর এলাকার রুহুল আমিনের বিভিন্ন কাজের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে প্রতিপক্ষ রুহুল আমিন, আরিফ, রাহুলসহ একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে মাছুম মিয়ার শ্বশুর বাড়িতে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে সুমন মিয়াকে না পেয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাছুমের স্ত্রী তাহমিনা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাহমিনাকে বাঁচাতে এগিয়ে এলে শ্বশুর সলিম উদ্দিন ও শাশুড়ি হাছেন বানুকে তারা পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাছুম মিয়া আরও জানান, এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাকে ও তার স্ত্রী তাহমিনা বেগমকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় হামলাকারীরা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। রূপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ব্যপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
