উত্তাল বঙ্গোপসাগরে দুটি ফিসিংবোট ডুবি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৫:৫০

বঙ্গোপসাগরে প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসের কবলে পড়ে দুটি ফিসিংবোট ডুবে গেছে। তবে এতে কোন প্রাণহানি ঘটেনি।

গত চারদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিসিংবোট বহর সুন্দরবন সহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের আনসার খান মোবাইল ফোনে জানান, তার মালিকানাধীন ফিসিংবোট এফবি সীমা-২ দুই দিন পূর্বে গভীর সাগর থেকে মাছ ধরে উপকূলে ফিরে আসার সময় সুন্দরবনের কচিখালীর পক্ষিদিয়া চরের কাছে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের আঘাতে সাগরে ডুবে যায়। 

এ সময় অন্য ফিসিংবোটের লোকেরা ডুবে যাওয়া বোটের ২০ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। বোট ডুবে যাওয়ায় তার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বোট মালিক জানান। 

রবিবার সকালে পাথরঘাটার গওহরপুর গ্রামের ইব্রাহিম কারীর একটি ফিসিংবোট লালদিয়ার চরের কাছে উত্তাল সাগরে ডুবে যায়। সাগরে পড়ে যাওয়া ওই বোটের ১০ জেলেকে অন্য বোট উদ্ধার করে নিয়ে আসে বলে পদ্মাস্লুইস গ্রামের আরেক জেলে মো. জসিম জানিয়েছেন।

বাংলাদেশ ফিসিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন জানান, শরণখোলা অঞ্চলের অনেক ফিসিংবোট দুর্যোগের কবলে পড়ে উপকূলের মহিপুর, আলীপুর, পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে এবং কিছু বোট ঘাটে ফিরে এসেছে। 

তিনি আরো বলেন, এমনিতে সাগরে মাছ নেই তার উপর বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়া জেলেদের কাছে মরার উপর খাড়ার ঘার সমান।

জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় মুঠোফোনে জানান, গত চারদিন যাবত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সাগরে টিকতে না পেরে অনেক ফিসিংবোট দুবলার মেহের আলী, আলোরকোল, ভেদাখালী, নারিকেলবাড়ীয়া সহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ