ইরানের মিসাইলগুলো আট মিনিটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
এমন সময়ে তিনি এই তথ্য জানালেন যখন আরব আমিরাতের বিপক্ষে দাঁড়িয়েছে ইরান।
প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তির মাধ্যমে আরব আমিরাত ভুল সিদ্ধান্ত নিয়েছে।
ওয়াশিংটন ডিসির এক উচ্চপদস্থ উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি মিসাইল দেখা গিয়েছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে। এটি নতুন ছিল এবং সতর্ক বার্তা দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ইরানের মিসাইলগুলো আট মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে।’
এক বিশ্লেষক বলেন, ইরান ইতোমধ্যে ইরাক ও ইয়েমেনে তার ছায়া বাহিনীর মাধ্যমে মিসাইলগুলো সৌদি আরবের সাধারণ নাগরিকদের টার্গেট করেছে। নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে শক্তি চুক্তি হয়। এই চুক্তির বিরুদ্ধে সরব হয়ে ওঠে ইরান।
ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
