পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি নিয়ে আলোচনা করতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে আজ মঙ্গলবার। বিকাল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত রবিবার এক সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট সেদিনেই প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে। এজন্য আগামী ৮ জানুয়ারি নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।
বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্পাদকমণ্ডলী
এদিকে গতকাল সোমবার রাজধানীর নয়া পল্টন কার্যালয়ে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মধ্যম সারির নেতারা। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের কেউ ছিলেন না, তবে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার বৈঠকটি বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। বৈঠক শেষে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছি। কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেবেন ঐক্যফ্রন্ট নেতারা।
বৈঠকে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ অংশ নেন।
