ববি হাজ্জাজের দল এনডিএমকে নিবন্ধন দিতে হবে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন প্রদান সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

গত ২১ অক্টোবর হাইকোর্ট এক রায়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের প্রাক্তন বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়। রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে ইসিকে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে কমিশন। শুনানি শেষে আদালত ওই আবেদন খারিজ করে দেয়। এর ফলে এনডিএমকে রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন দিতে হবে কমিশনকে। আদালতে ববি হাজ্জাজের পক্ষে ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম শুনানি করেন।

এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৮ জুলাই এনডিএমকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এনডিএম’র পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এ রিট করেন।