সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:২২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মধুখালীর কামারখালী ইউনিয়নে মধুমতি ও গড়াই নদী এলাকার ছয় গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙন এলাকার ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তাপস কুমার মল্লিক প্রমুখ।

জাতীয় শোক দিবসের আলোচনা

নেত্রকোনা প্রতিনিধি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।

শরণখোলায় সেনাবাহিনীর চিকিত্সা ক্যাম্প

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। সোমবার দিনব্যাপী বরিশাল সিএমএইচয়ের সাত পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৪৩ বীরের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প স্থাপন করে এ চিকিত্সাসেবা দেওয়া হয়। চিকিত্সাক্যাম্প পরিদর্শন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও বরিশাল শেখ হাসিনা সেনাবাহিনীর ২৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিবিজিএম, এনডিসি, পিএসসি।

বন্যাদুর্গত ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১-এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-১-এর আরসি হেডকোয়ার্টার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোয়ার্টার লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত প্রমুখ।

দুই ক্রীড়াবিদ পেলেন আর্থিক প্রণোদনা

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রণোদনা পেলেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত গফরগাঁওয়ের দুই ফুটবল খেলোয়াড়। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।  এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে ফুটবলার চন্দন রাজভর ও মো. নাইমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রণোদনার চেক দেওয়া হয়।

দৌলতপুরে শিক্ষাবৃত্তি প্রদান

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা দৌলতপুরে সোমবার স্বেচ্ছাসেবী একটি সংগঠন মাধ্যমিক পর্যায়ের ১৬ শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করেছে। দৌলতপুর কলেজ মিলনায়তনে অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।