নতুন সরকারে মন্ত্রণালয়ের দায়িত্ব না পেলেও বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রীদের জন্য শুভকামনা জানিয়েছেন। আগামী পাঁচ বছরে দেশে বেশকিছু ভালো ও ঐতিহাসিক কাজ হবে বলে জানান তিনি। গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেষ কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ হবে দরিদ্র ও ক্ষুধা মুক্ত সোনার বাংলা। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। নিজের সুদীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে গতকাল অর্থমন্ত্রণালয়ে বিদায়ী অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বিগত বছরগুলোতে দেশের অগ্রগতি তুলে ধরে ভবিষ্যতে আরো ভালো অগ্রগতির প্রত্যাশা করেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশ এমন একটি জায়গায় যাবে, যা রোধ করা সম্ভব হবে না। তিনি বলেন, বিশ্বের কোনো দেশ এখন বাংলাদেশকে ভিক্ষুকের দেশ বলতে সাহস পায় না। দেশকে এ অবস্থায় উত্তরণে আমার অংশগ্রহণ থাকায় নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, আমি অর্থ মন্ত্রণালয়ের মতো একটি জটিল মন্ত্রণালয় পরিচালনা করেছি। এখন তো আমার অবসর নেওয়ার দরকারই। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
