পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে দাবি করা চাঁদা না পেয়ে একদল যুবক নির্বিচারে বাস ভাঙচুর করেছে। সেখানে অন্তত ২০ টি বাস ভাংচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে ওই ঘটনার পর অন্তত তিন ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেছেন, স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা এই ভাংচুরের সঙ্গে জড়িত। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বাহাদুর শাহ পার্ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিরপুর, গাবতলী, গাজীপুর ও সাভারের বিভিন্ন রুটে বিহঙ্গ, সু-প্রভাত, আজমেরী গ্লোরী, সাভার পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল করে। গত কয়েকদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একজন নেতার নামে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা প্রতিটি পরিবহন থেকে মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। এ নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে দেনদরবারও হয়। শেষ পর্যন্ত পরিবহন মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে অন্তত ৫০ জন যুবক হঠাত্ করেই পার্কিং করা বাস ভাংচুর করতে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোড় ও জজকোর্টের সামনে গজারির লাঠি নিয়ে নির্বিচারে বাস ভাংচুর করে।
একটি পরিবহন সংস্থার মালিক জানিয়েছেন, কয়েক মিনিটের মধ্যে অন্তত ২০টি বাস ভাংচুর করে আতঙ্ক ছড়ানো হয়েছে। এভাবে বিভিন্ন জনকে চাঁদা দিতে হলে তাদের ব্যবসাই বন্ধ করে দিতে হবে। কোতয়ালী থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, ভাংচুরে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। কেনো তারা ভাংচুর করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। চাঁদা দাবির বিষয়ে কেউ অভিযোগ না দিলেও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
