চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:০৮

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের মাও গুরুতর ভাবে আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, পালপাড়ার পরিমল পালের সন্তান পার্থ পাল (১২) ও প্রান্ত পাল (৫)। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও নিহতদের কাকা পরিতোষ পাল জানান, সকালে বাড়ির একটি ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় পার্থ পাল। এসময় তাকে ধরতে গেলে প্রান্ত পালও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তাদের বাঁচাতে মা রীপা রানী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মা রীপা রানীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ইত্তেফাক/এসআই