কামরাঙ্গীরচরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:৪৮

কামরাঙ্গীরচরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার আওয়ামী লীগের সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, স্থানীয় আওয়ামী লীগের ইউনিট সভাপতি শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মশিউর, ৫৬ নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক হাজী মো. জামাল দেওয়ান, তার ভাই জয়নাল দেওয়ান, ভাতিজা মো. আকাশ দেওয়ান,  নিলয়, মো. লিটন, কামাল হোসেন ও ইমারত হোসেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক বানু বিবি ঐ প্লটটির মালিকানা দাবি করেন। অপর দিকে জামাল দেওয়ান ক্রয়সূত্রে মালিক দাবি করেন। তা নিয়ে আদালতে মামলা চলছে। সম্প্রতি বানু বিবির পক্ষ থেকে ঐ জমির ওপর সাইনবোর্ড লাগিয়েছেন। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ চলছিল। গতকাল এ নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। দেশিও অস্ত্র লাঠিসোঁটা নিয়ে  ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

আহত হাজী মো. জামাল দেওয়ান জানান, ক্রয় সূত্রে সাত বছর যাবত্ এ জমির মালিক তিনি। গতকাল একটি বেসরকারি টেলিভিশন স্থানীয় মহসিন মিয়ার ছেলের সাক্ষাত্কার নিচ্ছিল। এ সময় ওয়ার্ড কমিশনারের লোকজন শহিদুল, মশিউর, সালাম ও তার লোকজনেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের সাত-আটজন আহত হয়। মশিউর জানান, তারা ঐ পথ দিয়ে যাচ্ছিল, এ সময় জামাল দেওয়ান ও তার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেন।