তালা উপজেলায় নতুন করে একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ব্যক্তি হলেন উপজেলার নগরঘাটা গ্রামের মো. বাসারাত আলী (৬৭)। সোমবার (১৭ আগস্ট) বিকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় ৩০ নারীসহ মোট ১৩০ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগীর বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানা গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সোমবার সাতক্ষীরা জেলায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯১৬ জন।
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৩৫৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এরমধ্যে ৯১৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে।
এদিকে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৫ জন বলে জানা গেছে।
ইত্তেফাক/এমআর
