রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে জঙ্গি দমন সম্ভব হতো —তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্নভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, এখনো দিচ্ছে। জঙ্গিরা এখনো তাদের জোটে রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে জঙ্গি দমন পুরোপুরিভাবে সম্ভব হতো। গতকাল সোমবার চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধনকালে ২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালের ক্ষমতাসীন সরকারের সমর্থনে জঙ্গিরা দেশব্যাপী শাখা-প্রশাখা বিস্তার করেছিল। শক্তি অর্জন করেছিল। সে শক্তির মহড়া তারা দিয়েছে ২০০৫ সালের আজকের দিনে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে। সে হামলায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার জঙ্গি দমনে সচেষ্ট রয়েছে। বিভিন্ন সময় জঙ্গিদের আটক করা হচ্ছে। তাদের তবে পুরোপুরি নির্মূল করা যায়নি। এখনো সুযোগ পেলে তারা মাথাচাড়া দিয়ে ওঠে।

ড. হাছান মাহমুদ বলেন, কোভিড শুরুর দিকে চট্টগ্রামে চিকিত্সাব্যবস্থায় কিছুটা সংকট থাকলেও এখন সংকট পুরোপুরি কেটে গেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসায় কোভিড চিকিত্সা সহজতর হয়েছে। বর্তমানে আইসিইউ বেড ও কোভিডের জেনারেল বেড অর্ধেকের মতো খালি রয়েছে। চট্টগ্রামে বিশ্বমানের চিকিত্সা কেন্দ্র চালু করায় ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, এ হাসপাতাল চালু হওয়ায় রোগীদের বিদেশ গমনের প্রবণতা কমে আসবে। মন্ত্রী বলেন, ইম্পেরিয়াল হাসপাতাল নির্মাণের জন্য বর্তমান সরকার ন্যূনতম দামে জমি দান করেছে। পাশাপাশি পরামর্শসহ অন্যান্য সমর্থন দিয়ে যাচ্ছে।

অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক ও হাসপাতালের বোর্ড অব ডাইরেক্টর্স সদস্য এম এ মালেক, বোর্ড সদস্য ডা. রবিউল হোসেন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্যরা। এর আগে মন্ত্রী কোভিড ব্লক উদ্বোধন ও পরিদর্শন করেন।