হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পরেও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনো তিনি ভেন্টিলেশনেই রয়েছেন।
গতকাল সোমবার দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনো সংকটজনক। ভাইটাল ও ক্লিনিক্যাল মাপকাঠি স্থিতিশীল রয়েছে। তিনি ভেন্টিলেশনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট গভীর রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সেদিন রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে জানা যায়, তিনি করোনায়ও আক্রান্ত। তবে করোনাজনিত কোনো সমস্যা নেই। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে।
