বৃদ্ধকে হত্যার অভিযোগে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৪:৪০

সাতক্ষীরার তালায় ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর রহমান নিকারী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জেয়ালা নলতা ও হাজরাকাটী গ্রামের মধ্যবর্তীস্থান নলবুনিয়া ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর নিকারী তালা উপজেলার জেয়ালা নলতা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে। এদিকে তার ছেলে সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় শত শত গ্রামবাসী মঙ্গলবার সকালে তালা থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেছেন।

নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, রাতে নলবুনিয়া বিলের সরকারি খালে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সেলিম মাছ ধরার সময় মশিয়ারের সহযোগী রনি মাছ চুরির অভিযোগে তাকে আটক করে। এরপর সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে রনি ও তার অপর সহযোগী তুহিন শেখকে নিয়ে সেলিমকে মারপিট করে।

তিনি আরও বলেন, মারপিটর ঘটনাশুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারপিট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তবে আটক ঘের মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের দাবী, তিনি ওই সময়ে ঘেরে ছিলেন না। মৃত লুৎফর রহমানের ছেলে সেলিম নিকারী তার মৎস্য ঘেরে মাছ চুরি করতে আসলে ঘেরের কর্মচারীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। তাছাড়া মৃত লুৎফর রহমান নিকারীকে মারপিটও করা হয়নি। তিনি অসুস্থ্য ছিলেন।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জিজ্ঞাসাবাদের জন্য সরদার মশিয়ারকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ  সুপার মোঃ হুমায়ুন কবীর বলেন, উক্ত ঘটনায় তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে লুৎফর নিকারীর লাশ দেখতে যান ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান। তখন তাঁর ছেলে সেলিম নিকারী পুলিশের কাছে অভিযোগ করেন, সরদার মশিয়ারই তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেছেন।

ইত্তেফাক/এএম