রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইন্তাজ আলীকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার আড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে স্থানীয় এক গৃহবধূর সাথে পরকীয়া করে আসছিল। মঙ্গলবার রাতে ইউপি সদস্যের ঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীকে দেখা যায়। এরপর এলাকাবাসীরা তার বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ইন্তাজ আলীসহ গৃহবধুকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে গৃহবধূর দাবি, বিয়ে করার নামে তাকে ধর্ষণ করেছে ইউপি সদস্য। এ নিয়ে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে গৃহবধূ নিজে বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর পুলিশ ইউপি সদস্যকে আদালতে এবং গৃহবধূকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেছেন।
আরও পড়ুন: মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, পণ্য ওঠানামা বন্ধ
বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ‘গৃহবধূর স্বামী একজন ভ্যান চালক। তার ঘরে ১১ বছর ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে।’
তিনি বলেন, ‘ওই নারীর সাথে পরকীয়া থাকতে পারে।তবে গ্রামবাসী কর্তৃক দু’জনকে ঘেরাও করার ঘটনাটি আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত এবং রহস্যজনক মনে হয়েছে।’
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং গৃহবধূকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম
