ব্যাংকের কার্ড ডিভিশনে চাকরি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৫৬

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

উন্নত দেশের সর্বাধুনিক সকল সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করে চলেছে প্রযুক্তি। প্রযুক্তির ক্রমবিকাশে ক্রমান্বয়ে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেডিট কার্ড।

মূলত বেসরকারী ব্যাংকসমূহের নেতৃত্বে বাংলাদেশে ক্রেডিট কার্ড-এর প্রচলন শুরু হয়। বাংলাদেশে ক্রেডিট কার্ড এর প্রচলন হয় ১৯৯৭ সালে। প্রযুক্তির উন্মেষের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে ক্রেডিট কার্ড বিপুল সংখ্যক গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশে ব্যাংকিং ধারায় বিগত দশ বছরে ক্রেডিট কার্ড তার সফল ভূমিকা রাখার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে সহজ করে তুলেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার দ্রুত জনপ্রিয়তা লাভ করে চলেছে। মূলত একজন গ্রাহক তার ব্যাংকিং স্বাধীনতা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে। অর্থাত্ ক্রেডিট কার্ডের মাধ্যমে একজন গ্রাহক যে কোন সময়ে তার প্রয়োজনীয় অর্থ লেনদেন করতে পারেন। ফলে যে কোন সময়ই একজন গ্রাহক ব্যাংককে তার পাশে পেতে সক্ষম হয়ে থাকেন। একজন গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিপূর্ণ ফিনান্সিয়াল স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়ে থাকেন ফলে তাকে কষ্ট করে সবসময় নগদ টাকা গ্রহণ করতে হয় না। কেননা বাংলাদেশে নগদ টাকা বহনে অনেকেই অনেক কারণে নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়ে থাকেন। এক্ষেত্রে ক্রেডিট কার্ড সফলভাবে গ্রাহক সন্তুষ্টি অর্জনে ভূমিকা রেখে চলেছে। সেই সাথে বাংলাদেশে ক্রেডিট কার্ড সেবা প্রদানকারী ব্যাংকসমূহের সেবার মান গ্রাহকসন্তুটি অর্জনে দৃঢ় ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশে ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা জনসংখ্যার বিচারে এখনো অনেক পিছিয়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশে বছরে ব্যাংকিং সেক্টরে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১০০০ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। অদূর ভবিষ্যতে এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বাংলাদেশে ক্রেডিট কার্ড দ্রুত জনপ্রিয়তা অর্জন করে চলেছে সাম্প্রতিক বছরে। মূলত পূর্বে ক্রেডিট কার্ডে অত্যাধিক চার্জ আরোপিত থাকায় এর বিকাশ ঘটেনি। বর্তমানে ক্রেডিট কার্ড প্রাপ্তির সহজ নিয়মাবলীর কারণে দ্রুত গ্রাহক বৃদ্ধি পেয়ে চলেছে।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সমসাময়িক সময়ে উঠে এসেছে নতুন এক চাকরির ক্ষেত্র। ব্যাংকের কার্ড ডিভিশনে প্রয়োজন দক্ষ পেশাজীবির। মূলত ব্যাংকের প্রতিনিধি হিসেবে তারাই বিভিন্ন ব্যক্তির নিকট ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পাদন করার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ধারায় নিয়ে এসেছে যুগান্তকারী পরিবর্তন। আধুনিকায়নের এই যুগে প্লাস্টিক মানি হিসেবে বিবেচিত ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের জনপ্রিয়তা ও ব্যবহার বাংলাদেশে দ্রুতহারে বৃদ্ধি পেয়ে  চলেছে। ফলে এই পেশায় নিযুক্ত ব্যক্তিদের চাহিদাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে সংশ্লিষ্ট ব্যাংক সমূহে। আমাদের দেশে কার্ড কালচার মূলত বেসরকারি প্রায় সব ব্যাংকে পরিচালিত হওয়ায় এই পেশাতে ক্যারিয়ারে উন্নতি করার যথেষ্ট সুযোগ রয়েছে।

যোগ্যতা :আধুনিক ব্যাংকিং ধারায় নবতর সংযোজন এই কার্ড ডিভিশনে প্রয়োজন হয় দক্ষ জনবলের। বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদর সাথে আলাপ করে জানা যায় কার্ড ডিভিশনে মূলত দুই ভাগে বিভক্ত হয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হয়ে থাকে। স্থায়ী নিয়োগ ও অস্থায়ী নিয়োগ হিসেবে পরিচালিত হয় কার্ড ডিভিশনের সামগ্রিক কর্মকান্ড।  অর্থাত্ স্ব স্ব ব্যাংকের সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা মনোনীত হন তাদের স্থায়ী নিয়োগ প্রদান করা হয়। এক্ষেত্রে একেক ব্যাংকের শর্তাবলী একেক ধরনের হয়ে থাকে। তবে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা এমবিএ পাশকৃত ব্যক্তিরাই প্রাধান্য পেয়ে থাকে। অপরদিকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে কার্ড ডিভিশনে। এক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা চাওয়া হয়ে থাকে কমপক্ষে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী। যদিও বেশকিছু প্রতিষ্ঠান এক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রীধারীদের সুযোগ করে দেয় কার্ড ডিভিশনে কাজ করার। তবে এক্ষেত্রে একটি বিষয়ে সকল প্রতিষ্ঠানই গুরুত্বারোপ করে থাকে তা হলো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারে প্রাথমিক ধারনার বিষয়টিকে।

কার্ড ডিভিশনে একজন ব্যক্তিকে নিজের মেধা এবং পরিশ্রমের সমন্বয় ঘটানোর মাধ্যমে ক্যারিয়ারে সফলতা অর্জন করতে হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের সকল তথ্যাদি সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জনের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদানে নিজেদের নিয়োজিত রাখতে হয়।

দায়িত্ব :নিজেকে কর্মক্ষেত্রে যোগ্যরূপে গড়ে তোলার মানসিকতা এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা এই পেশার অন্যতম প্রয়োজনীয় দিক। কার্ড ডিভিশনের কাজ প্রচলিত ব্যাংকিং ধারার ন্যায় পরিচালিত হয় না। মূলত যেকোন ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব এবং লক্ষ্য অর্জন করতে হয়। তবে স্থায়ী ভাবে নিয়োগ পাওয়া কার্ড ডিভিশনে কর্মরত ব্যক্তিদের সার্বক্ষণিক অফিসে কাজ করার মাধ্যমে সামগ্রিক ভাবে কার্ড ডিভিশনের কর্মকান্ড পরিচালনা করতে হয়। অপরদিকে কার্ড ডিভিশনের  বিশাল সেলস এবং সার্ভিস টিম সমূহে নিযুক্ত ব্যক্তিদের বাইরে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হয়। অর্থাত্ স্ব স্ব ব্যাংকের ক্রেডিট কার্ডের বিভিন্ন অফার সমূহ গ্রাহকদের নিকট সঠিকভাবে উপস্থাপনার মাধ্যমে তাদেরকে কার্ড গ্রহণে উত্সাহিত করার মাধ্যমে কার্ড হোল্ডারে পরিণত করার লক্ষ্যে এই পেশার সফলতা নির্ভর করে। সেই সাথে ব্যাংকের  ক্রেডিট কার্ড গ্রহণকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের যেকোনরূপ কার্ড সংক্রান্ত সমস্যার সমাধানও তাত্ক্ষণিকভাবে সমাধানের দায়িত্ব অর্পিত রয়েছে একজন ক্রেডিট কার্ড ডিভিশনে নিযুক্ত কর্মকর্তার। বিভিন্ন ব্যাংকে এই ডিভিশনে নিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের পদ প্রদান করা হয়ে থাকে।

সুযোগ-সুবিধা :ক্রেডিট কার্ড ডিভিশনে নিযুক্ত  স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন অবকাঠামো স্ব স্ব ব্যাংকের নিয়ম অনুসারে হয়ে থাকে। এক্ষেত্রে একজন অফিসারের বেতন ২৫-৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সেই সাথে এই পেশাতে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তাদের বেতন পদ হিসেবে বৃদ্ধি পেয়ে থাকে। অপরদিকে অস্থায়ীভাবে নিযুক্ত চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হয়ে থাকে। ব্যাংকের কার্ড ডিভিশনে নিযুক্ত একজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক বেতন সাধারণত ১০-১৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এই পেশার সবচেয়ে আলোচিত দিক হিসেবে বিবেচিত হয়ে থাকে কমিশন প্রাপ্তির বিষয়টি। এক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হলে একজন কর্মকর্তা তার নির্দিষ্ট বেতনের অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকে। ফলে এই পেশাতে নিযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাসে আয় হয়ে থাকে ১৫-৩০ হাজার টাকা পর্যন্ত। সেই সাথে এই পেশাতে নিযুক্ত কর্মকর্তাদের প্রদান করা হয় ব্যাংকের প্রচলিত বিভিন্ন সুবিধাদি।

প্রশিক্ষণ :বর্তমানে এই প্রতিযোগিতাময় চাকরির বাজারে এই পেশাতে একজন ব্যক্তির সাফল্য শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রীর উপর নির্ভরশীল নয়। তার সাথে দরকার দক্ষতা, মেধা ও মননের সমন্বয়। সর্বপরি শেখার ইচ্ছা একজন ব্যক্তিকে এই পেশাতে সফলতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে থাকে। স্ব স্ব ব্যাংক কর্তৃক কার্ড ডিভিশনে নিযুক্ত ব্যক্তিদের সফলতা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। সঠিকভাবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান একজন ব্যক্তি কর্মক্ষেত্রে প্রয়োগ করতে সক্ষম হলে সাফল্য অর্জন করা সম্ভব।