বাগেরহাটের চিতলমারীতে গভীর রাতে আগুন লেগে মাদার তেরেসা (পাগল মার্কেট) মার্কেটের পাঁচটি দোকান ভষ্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কালশিরা বাজারের মাদার টেরেসা মার্কেটে মঙ্গলবার রাত দুইটার দিকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুনে পাঁচটি দোকান ভষ্মীভূত হয়। আগুনে হাসিবুর শেখের কসমেটিক্সের দোকান, মিনিজির শেখের ওয়ার্কশপ, ডা. বদরুল ইসলামের ঔষধের দোকান, তুহীন শেখের মুদি দোকান ও শংকর ব্রহ্মের পার্টসের দোকান পুড়ে যায়। এলাকাবাসী দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন জানান, আগুন লাগার সংবাদ পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
ইত্তেফাক/এএম
