স্পোর্টস ডেস্ক
ইন্টার মিলান ইউরোপা লিগের সেমিফাইনালে শাখতার দোনেত্স্ককে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এর ফলে ২০১০ সালের পর প্রথম বারের মতো কোনো ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল দলটি।
সোমবার রাতে খেলার শুরু থেকেই আধিপত্য ছিল ইন্টারেরই। ১৯ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোচ অ্যান্তনিও কন্তের দল। ৬৪ মিনিটে দানিলো দাম্ব্রোসিও ব্যবধান বাড়ান। ৭৪ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি পান লাউতারো। ৭৮ আর ৮৩ মিনিটে গোল করে জোড়া গোল পূর্ণ করেন আরেক ফরোয়ার্ড রোমেলু লুকাকুও।
৫-০ ব্যবধানের বড় জয় পাওয়ার পর এবার ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে ইন্টার।
তার আগে এমন জয়ের প্রতিক্রিয়ায় ম্যাচের নায়ক লাউতারো বললেন, ‘এটা অবিশ্বাস্য এক রাত, ঠিক যেমন আমরা কল্পনা করেছিলাম। আমরা দেখিয়েছি যে আমরা ফাইনালের জন্য তৈরি, আমরা ফাইনাল খেলতে প্রস্তুত।’
