সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২৩:২৬

সীমিত আকারে পর্যটন স্পষ্ট খুলে দেয়ার একদিনের মাথায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন তিনি। টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিক্ষার্থী মাহফুজ (১৬) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকা এলাকার মাহবুবুর রহমানের ছেলে। তিনি বন্ধুদের সাথে বেড়াতে নিখোঁজ হবার ঘণ্টা দুয়েক আগে কক্সবাজার এসে পৌঁছেছিলেন।

নিখোঁজ মাহফুজের বন্ধু মোঃ হুমায়ুন জানান, তারা ২৪ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তারা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিল মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে বন্ধু জিহাদও ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মীদের জানানো হয়। জিহাদ উঠে এলেও মাহফুজ তলিয়ে যায়। 

সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান, খবর পেয়েই লাইফগার্ড ও বিচকর্মীরা বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজ মাহফুজের সন্ধান মেলেনি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার সাথে টুরিস্ট পুলিশ ও বিচে নিয়োজিত ডুবুরীরা তাঁর খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

ইত্তেফাক/ইউবি