খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতারাই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সুবিধাভোগী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভিডিও প্রচার উদ্দেশ্যমূলক’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘১৫ আগস্ট হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে (মেজর অব. মাজেদ) দিয়ে বন্দি অবস্থায় দেশের আইন, আদালত, শাসনব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারের মুসাবিদায় মিথ্যা ও ভিত্তিহীন বিদ্বেষমূলক বক্তব্যের ধারণকৃত ভিডিও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারে বাধ্য এবং একই সঙ্গে বেতনভুক্ত সাইবার ফোর্স নিয়োগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী ১৫ আগস্ট হত্যার সকল আসামির যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীসাব্যস্ত করা এবং রায় কার্যকর করার পর্ব প্রায় সম্পন্ন হতে চলেছে।’ তিনি বলেন, এ অবস্থায় আইনিভাবে এই ধরনের বক্তব্যের কোনো সাক্ষ্য মূল্য নেই। আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমকে নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
