নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর মারা গেছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে নিউ ইয়র্ক শহর থেকে প্রায় সাড়ে ৩০০ মাইল দূরে রচেস্টারের অন্টারিও কাউন্টিতে দুটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাংলাদেশি তরুণ মোজাম্মেল হক রাসেল (৩৩) ও তার ভাই হিমেল আকতার জয় (২৮) মারা যান। আহত তাদের ছোট ভাই আমিনুল হক আপেলকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অপর গাড়ির চালক ৮১ বছরের আমেরিকান এক বৃদ্ধও মারা গেছেন। তিনি ওহাইও রাজ্যের বাসিন্দা এবং গত কয়েক দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় ইত্তেফাককে জানান, রাসেল যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। সাপ্তাহিক ছুটিতে ছোট দুই ভাই ও তাদের এক বন্ধুকে নিয়ে গাড়ি চালিয়ে নায়াগ্রা ফলস বেড়াতে যান। দুই দিন সেখানে অবস্থান করে সোমবার রাতে তারা নিউ ইয়র্কে ফিরছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাদের বাবার নাম সিরাজুল ইসলাম ভুঁইয়া। পুলিশ জানিয়েছে, উলটো পথে আসা গাড়ির ৮১ বছর বয়স্ক চালক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।
