রাঙ্গামাটিতে সর্ববৃহত্ জশনে জুলুছ শুক্রবার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৩৬

রাঙ্গামাটি প্রতিনিধি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলার সর্ববৃহত্ জশনে জুলুছ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু করে প্রেসক্লাব, দোয়েল চত্বর, কাঠালতলি, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে সমাপ্ত হবে। জুলুছের আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটিতে অনুষ্ঠেয় জশনে জুলুছ তিন পার্বত্য জেলার সবচেয়ে বড় জুলুছ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বুধবার রাঙ্গামাটি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মাহবুব এলাহী শিকদার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গাউছিয়া কমিটির আহ্বায়ক সদস্য মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, হাজী মো. মুছা, হাজী মো. নাছির উদ্দিন, হাজী মো. আবদুল করিম খান ও হাজী মো. জসীম উদ্দিন। এছাড়াও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ জানান, প্রতিবছরই জুলুছে লোক সমাগম বাড়ছে। এবারের জুলুছে দশ হাজারের অধিক লোক সমাগম হবে বলে জানান তিনি। রাঙ্গামাটির প্রায় প্রতিটি উপজেলা থেকেও লোকজন জুলুছে অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।