বিপিএলে তৃতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রান করে সাকিব আল হাসানের দল।
শুরুতে ব্যাট করতে নেমে হজরতউল্লাহ জাজাই ও সুনীল নারাইন ওপেনিংয়ে ৬৭ রানের জুটি গড়েন। এরপর নারাইন আউট হয়ে যান ১৯ রান করে। পরে দ্বিতীয় উইকেটে রনি তালুকদার যোগ দেন হজরতউল্লাহর সঙ্গে। দ্বিতীয় উইকেটে এ দুজন থামেন দলীয় ১১০ রানে।
এরপর তিন রানের মধ্যে রনি, হজরতউল্লাহ ও সাকিব আউট হয়ে যান। এতে রানের গতি কিছুটা কমে আসে। পরে কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৯২ রান করে ঢাকা। হজরতউল্লাহ ৩৬ বল থেকে তিনটি চার ও পাঁচটি ছক্কার মারে সর্বোচ্চ ৫৭ রান করেন।
এছাড়া ১৮ বল থেকে তিনটি চার ও দুটি ছক্কার মারে রনি ২৮, ১৬ বল থেকে দুটি চার ও দুটি ছক্কার মারে পোলার্ড ২৭ রান করেন। এছাড়া রাসেল ২৫ ও নারাইন করেন ১৯ রান। খুলনার বোলারদের মধ্যে পল স্টার্লিং ও ডেভিড ওয়াইস দুটি করে উইকেট নেন।
দু’দলই এর আগে একটি করে ম্যাচ খেলে। যেখানে ঢাকা প্রথম ম্যাচ জিতে দুই পয়েন্ট অর্জন করলেও খুলনার খাতা শূন্য।
এদিকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
ইত্তেফাক/কেআই
