গবেষণার জন্য ২০, শতবর্ষের স্মৃতিস্তম্ভের জন্য ১৫ কোটি টাকা পেয়েছে ঢাবি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৩:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গবেষণার জন্য ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সভায় বিশেষ বরাদ্দ পাওয়ার বিষয়টি উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভা শেষে সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল ইত্তেফাককে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণার জন্য সরকার অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিক্ষক সমিতির দায়িত্বে থাকার সময়ে আমরা সরকারের কাছে গবেষণার জন্য বিশেষ বরাদ্দ দাবি করেছিলাম। উপাচার্যের সহযোগিতায় মন্ত্রণালয়ে আমাদের দাবির বিষয়টি জানানোর পরিপ্রেক্ষিতে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।’

মাকসুদ কামাল জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে শিগগিরই বিশ্ববিদ্যালয় খোলা হবে কি না, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। করোনা সংক্রমণ থেকে শুরু করে অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা শেষে জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের যেসব শিক্ষার্থীর লিখিত, ব্যবহারিক ও অন্যান্য পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তাদের ফলাফল চূড়ান্ত করতে মৌখিক পরীক্ষা নীতিমালার আলোকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কোনো শিক্ষার্থী এই পরীক্ষা কার্যক্রমের সুবিধা থেকে বঞ্চিত যেন না হন, সে ব্যবস্থা রাখতে হবে। ক্যাম্পাসে সশরীরে শিক্ষার্থীদের অসমাপ্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগ-ইনস্টিটিউট ও অনুষদভিত্তিক সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট ডিন ও পরিচালকেরা সমন্বয় করবেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউট-গবেষণাকেন্দ্র ও ব্যুরোগুলোর পরিচালকেরা যুক্ত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি