ফেরার অপেক্ষায়...

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩১

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

করোনা মহামারির প্রকোপ থেকে নিজেদের নিরাপদ রাখতে বলিউড তারকারা লকডাউনের সময়টাতে বাড়িতে ঘরবন্দী করে রেখেছিল। করোনার ভয়াবহতা এখনও কাটেনি, তবে পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ঘরের চার দেয়ালের বাইরে বেরিয়ে আসছেন। শরীরটাকে ফিট রাখতে বাইরে বেরিয়ে এদিক-ওদিক হাঁটাচলা করছেন। কেউ সাইকেল নিয়ে রাস্তায় নেমেছেন। জিমে গিয়ে ওয়ার্ক আউটের বদলে বাইরে রাস্তায় সাইকেল নিয়ে ঘোরাফেরা করাটাকে শরীরের জন্য উপকারি মনে করছেন। এই তো কয়েকদিন আগে ক্যাটরিনা কাইফকে দেখা গেল মুম্বাইয়ের রাস্তায় অনেক গাড়ির ভিড়ে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তার সঙ্গে ছোটবোন ইসাবেলা কাইফকেও দেখা গেল। গত বেশ অনেকদিন ধরে শুটিং নেই, নতুন সিনেমার স্ক্রিপ্ট দেখার ব্যস্ততা নেই। বলা যায়, দারুণ অলস সময় কাটাতে বাধ্য হচ্ছেন বলিউডের সুন্দরী জনপ্রিয় এই অভিনেত্রী। ক্যাটরিনাকে সর্বশেষ ‘ভারত’ ছবিতে দেখা গেছে। গত বছর মুক্তি পেয়েছিল ছবিটি। এ বছর এতদিনে তার অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল। অনেকদিন পর আবার অক্ষয় কুমারের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। ‘সূর্যবংশী’ ছবিটি নিয়ে দর্শকমনে আলাদা আগ্রহ রয়েছে। অ্যাকশন ঘরানার এ ছবিটি বক্স অফিসে কাঁপানো ব্যবসা করবে—তেমন ধারণা সবার। বলিউডে বহু হিট সুপারহিট ব্লকবাস্টার সিনেমার নায়িকা হিসেবে এমনিতেই বিশেষ পরিচিতি রয়েছে ক্যাটরিনার।

দেখতে দেখতে ১৭টি বছর পার করে দিছেন তিনি হিন্দি চলচ্চিত্রের অঙ্গনে। অ্যাকশন, রোমান্টিক, ভিন্ন ট্র্যাকের—সব ধরনের ছবিতেই চ্যালেঞ্জিং রোলে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছেন। নামি-দামি প্রতিষ্ঠিত জনপ্রিয় নায়ক থেকে শুরু করে অপেক্ষাকৃত নবীন কম বয়সী নায়কদের সঙ্গে রোমান্টিক জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে ক্যাটরিনা তার গ্রহণযোগ্যতাকে জোরালো করেছেন। নবীন প্রবীন সব নির্মাতাই তাকে ছবিতে কাস্ট করেন অনেকটা চোখ বুঁজেই। করোনাজনিত উদ্ভুত পরিস্থিতিতে বলিউডের তারকাদের ক্যারিয়ারে স্থবিরতা চলছে। পরিস্থিতির উন্নতি হলে আবার সবাই কাজে ব্যস্ত হবেন। সালমানের টাইগার ফ্রাঞ্চাইজির সিনেমাগুলোতে ক্যাটরিনা প্রথম থেকেই অভিনয় করে এসেছেন। সালমানের বিপরীতে টাইগার সিরিজের ছবিগুলোতে তার উপস্থিতি দর্শক মনে ঝড় তুলেছে। আগামী বছরের শুরুর দিকে সালমান খান তার টাইগার ফ্রাঞ্চাইজির নতুন সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছেন। নতুন এ ছবিতেও ক্যাটরিনা থাকবেন টাইগার অর্থাত্ সালমান খানের সঙ্গিনীরূপে। বর্তমানে এ ছবির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন ক্যাট। টাইগার ফ্রাঞ্চাইজির ছবিগুলোতে তাকে সালমানের পাশে থেকে অনেক দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে এর আগে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। আবার অ্যাকশন গার্ল হিসেবে রূপালি পর্দায় ধরা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন ক্যাটরিনা। বিয়ের বয়স পেরিয়ে গেছে। অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। কবে ব্যাচেলর জীবনের অবসান ঘটাবেন— নিশ্চিত করে বলতে পারেন না বলিউডের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী।