আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩১

র ফি কু ল  ই স লা ম

 

চিত্রনায়িকা ববি ‘নোলক’ সিনেমাতে অভিনয়ের জন্য এবারই প্রথম কোন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন। গত ৯ আগস্ট ভারতের দিল্লীতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া ফার্স্ট বর্ডারলেস ডিজিটাল ফিল্ম ফেস্টিভ্যাল ‘ইনডাস ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ তিনি এই সম্মাননা অর্জন করেন। আপাতত অনলাইনে চিত্রনায়িকা ববি’র নাম শ্রেষ্ঠ অভিনেত্রী (গ্ল্যামারাস রোল) হিসেবে ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ববি ভারতে গিয়ে এই সম্মাননা নিজ হাতে গ্রহণ করবেন বলে জানান ববি। প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে ববি বলেন, ‘২০২০ সালটাতো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টের, বেদনার। আমরা আশা করতে ভুলেই গিয়েছি এই বছরে। কিন্তু এতো আশাহত ঘটনার মাঝে নোলক সিনেমার জন্য আমার এই পুরস্কারপ্রাপ্তির বিষয়টি ছিল অনেক আনন্দের, উচ্ছাসের। এই অর্জন শুধু আমার নয়, আমি মনে করি আমার চলচ্চিত্র পরিবারের সবার। কারণ আমি চলচ্চিত্র পরিবারেই একজন। তাই আমার কোন স্বীকৃতি চলচ্চিত্র পরিবারেরই স্বীকৃতি। আমি কৃতজ্ঞ পুরো নোলক পরিবারের কাছে, আমার ভক্ত দর্শকের কাছে। ধন্যবাদ ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকদের প্রতি আমার মেধা ও গ্ল্যামারকে গুরুত্ব দিয়ে আমাকে আমাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করায়। আমি আগামীতে আরো ভালো ভালো গল্পের সিনেমায় এবং চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’ এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি এরইমধ্যে মুক্তি পাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে এই সিনেমাটি। সৈকত নাসির পরিচালিক ‘আকবর’ সিনেমার কাজও দুদিন করেছিলেন ববি। কিন্তু সেই সিনেমার শুটিংও বন্ধ হয়ে আছে। প্রচার শুরু হবে শিগগরিই ববির নতুন বিজ্ঞাপন এলিট মেহেদী। এটি নির্মাণ করেছেন রাকিব। এদিকে ববি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘রক্তমুখী নীলা’। এটি নির্মাণ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এটি কলকাতাতে মুক্তি পায় করোনাক্রান্তিকাল শুরু হবার আগে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু করোনার কারণে আটকে গেছে।