দর্শকপ্রিয় ১০ নাটক

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৩৪

 

ছোটোপর্দায় ঈদকে কেন্দ্র করে সবসময় থাকে বাড়তি আয়োজন। এবারো তার ব্যতিক্রম হয়নি। করোনা মহামারির কারণে কাজের সংখ্যা এবার কম হলেও ব্যস্ত সময় পার করেছেন নির্মাতা এবং অভিনয়শিল্পীরা। কাজের বৈচিত্র্য এবং মানের দিক থেকে যথেষ্ট পরিবর্তন লক্ষ করা গেছে। টেলিভিশন থেকে অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই দর্শক তালিকায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় অভিনয়শিল্পীর কিছু নাটক। তবে মানের দিক থেকে কিছু হতাশার মাঝেও অনেক নাটক মন ছুঁয়ে গেছে। এই সময়ে ভিউয়ার্স তালিকায় ও সমালোচনার বিচারে সেরা হলো কোন কোন নাটক—তারই বিস্তারিত থাকছে সেরা ১০ নাটক নিয়ে আয়োজনে। গ্রন্থনা করেছেন ফয়জুল আল আমীন

ব্যঞ্জনবর্ণ

সন্দেহাতীতভাবে এবারের ঈদের সেরা কাজ ব্যঞ্জনবর্ণ। প্লট, কাস্টিং, এক্টিং এবং মেকিংয়ের দুর্দান্ত সমন্বয় আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। মোশাররফ করিমের অসাধারণ অভিনয় দেখার পর কারো চোখে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুঃসাধ্য। গল্পের প্রতিটি সংলাপ ছিল চোখে পড়ার মতো। নাটকটিতে নৈতিকতার অবক্ষয় এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ তুলে ধরার এক অসাধারণ প্রয়াস দেখা গিয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শায়লা সাবি, মনিরা আক্তার মিঠু। পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

শহর ছেড়ে পরাণপুর

ভালোবাসার টানে শহর থেকে পরাণপুর গ্রামে আসেন তুসি আর রুম্মান। কিন্তু ভালোবাসার মানুষটি যদি আপনার থেকে দূরে সরে যেতে চায় ঠিক সেই সময় পুরো পরিস্থিতি অন্ধকারে ঢাকা পড়ে। ইয়াশ রোহান এবং নুসরাত ইমরোজ তিশার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। নিষ্ঠুর বাস্তবতা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত নাটকটিকে আলাদা মর্যাদা দিয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিন প্রমুখ। নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান।

ইতি, মা

মধ্যবিত্ত এক পরিবারের মায়ের স্বপ্ন পূরণের জন্য ভাই এবং বোনের ত্যাগ ছিল এই নাটকের মূল বিষয়বস্তু। আফরান নিশো এবং ঈশিতার অভিনয় ছিল চোখে পড়ার মতো। তবে ধর্মীয় দিক থেকে কিছুটা মতবিরোধ থাকলেও নাটকটি আপনাকে অশ্রুসিক্ত করবে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, ঈশিতা, আবির মির্জা। পরিচালনা করেছেন আশফাক নিপুন।

বোধ

একজন হীন চরিত্রের চেয়ারম্যানের গল্প নিয়ে নাটকটি রচিত। নিজের অপরাধ তিনি অনুধাবন করতে পারেন না। হঠাত্ করে এক অচেনা মানুষের সাথে তার দেখা হয়। যার সাহচর্যে ধীরে ধীরে বদলে যেতে থাকেন চেয়ারম্যান। খুবই সাধারণ মানের গল্প মনে হলেও অসাধারণ সংলাপ এবং মেকিং আপনাকে মুগ্ধ করবে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আশিষ খন্দকার, রুনা খান, তাসনুভা তিশা ও শহিদুল্লাহ সবুজ। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

আমার অপরাধ কী?

ঈদের সাধারণ ১০টি নাটকের তুলনায় এই গল্পটি সম্পূর্ণ ব্যতিক্রম। থ্রিলার যারা পছন্দ তাদের পছন্দের তালিকায় এবার শীর্ষস্থানে থাকবে এ কাজটি। ঘরবন্দী দু’জন মানুষের সংলাপ, স্ক্রিন প্লে এবং ক্যামেরার কারসাজি আপনাকে মুগ্ধ করবে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, এ্যালেন শুভ্র। নাটকটির পরিচালক মাবরুর রশীদ বান্নাহ।

বাবারা সব পারে

এই নাটকে করোনা সময়কালীন একজন বাবার ত্যাগের গল্পকে চমত্কারভাবে তুলে ধরা হয়েছে। করোনার কারণে চাকরি হারিয়ে নিরুপায় হয়ে পড়েন বাবা। হঠাত্ করে তার কাছে বাসার দারোয়ানের চাকরির একটা প্রস্তাব আসে। তারপরের অংশে রয়েছে নাটকের মূল টুইস্ট। শতাব্দী ওয়াদুদের অসাধারণ অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, শানারেই দেবি শানু, স্বপ্নীল সাজ্জাদ প্রমুখ। এর পরিচালক এস এস কামরুজ্জামান সাগর।

ভিক্টিম

রুশো-মাহা দম্পতির ১০ বছরের সুখের সংসার জীবনে হঠাত্ করে নতুন মোড় নেয়। যৌন নিপীড়নের অভিযোগ উঠে রুশোর ওপর। আর তার তদন্তে নেমে পড়েন মাহা। আফরান নিশো, অপি করিম এবং সাফা কবিরের অসাধারণ অভিনয় ছিল চোখে পড়ার মতো। এতে অভিনয় করেছেন আফরান নিশো, অপি করিম, সাফা কবির। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুন।

মা, আই মিস ইউ

প্রবাসে থাকা সন্তান এবং মায়ের গল্প নিয়ে নাটকটি রচিত। সন্তানের ছোটোবেলার স্মৃতিচারণ এবং মায়ের ভালোবাসা নিয়ে এগিয়ে যায় গল্প। মনিরা আক্তার মিঠু এবং তাহসান খানের অভিনয় ছিল চোখে পড়ার মতো। মায়ের প্রতি ভালোবাসা অসাধারণ এক দৃষ্টান্ত এই নাটক। এর পরিচালক মাবরুর রশীদ বান্নাহ।

দ্যা লাস্ট অর্ডার

সময়ের দোষগুণের ওপর আলাদাভাবে নাটকটিতে জোর দেওয়া হয়েছে। নাটকের শুরুর দিকে কিছুটা একঘেঁয়ে মনে হতে পারে। তবে শেষের দিকে মধ্যবিত্ত পরিবারের গল্পকে এমন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে চোখে জল আসতে বাধ্য। এতে অভিনয় করেছেন লুত্ফুর রহমান জর্জ, এ্যালেন শুভ্র প্রমুখ। এর পরিচালক শাফায়েত মনসুর রহমান।

মানুষের গল্প

করোনা ভাইরাসের মতো মহামারির ব্যাপারে সতর্কতার উদ্দেশ্যে তৈরি হয়েছে এই নাটক। স্বামী-স্ত্রী দু’জন দুই দেশে অবস্থান করলেও তাদের সংলাপ এবং দুশ্চিন্তা নাটকটিকে অন্য দশটি কাজ থেকে আলাদা করেছে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার। এর পরিচালক প্রীতি দত্ত।