৩৩ কোটি টাকা আত্মসাত্

আল আরাফা ব্যাংকের ম্যানেজার ও ইব্রাহীম টেক্সটাইলের এমডির বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:১১

তুলা আমদানির নামে এলসি খুলে আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক ম্যানেজার ও মেসার্স ইব্রাহীম টেক্সটাইল মিলসের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও দিলকুশা শাখার ব্যবস্থাপক          মো. শরিফ উদ্দিন প্রামাণিক এবং মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় মেসার্স ইব্রাহীম টেক্সটাইল মিলসের নামে আগের পুঞ্জীভূত অনাদায়ী খেলাপি ঋণ থাকা সত্ত্বেও অসত্ উদ্দেশ্যে সুতা উত্পাদনের জন্য কাঁচামাল হিসাবে তুলা আমদানির জন্য সাতটি এলসির বিপরীতে ৩৩ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা ঋণ দেওয়া হয়। ২০১৪ সালের এপ্রিলে সাতটি এলসির মাধ্যমে আমদানি করা তুলার মাধ্যমে উত্পাদিত সুতা বিক্রি করে ঋণ পরিশোধ করার শর্ত থাকলেও তারা ঐ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাত্ করেন। যা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।