পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসচালক নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক আলী ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। গ্রেফতার করা হয় মাইক্রোবাসচালক মো. নাঈমকে। তিনি দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। গাড়ির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে মাইক্রোবাসটি মাসিকভিত্তিতে ভাড়া দিয়েছেন। ঘটনার দিন ঐ প্রতিষ্ঠানের রাতের পালায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গন্তব্যে নামিয়ে দেওয়ার সময় ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। গত ৭ আগস্ট সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানসংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় নিহত হন অভিযাত্রী রেশমা নাহার রত্না।
