রূপগঞ্জে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০১:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রূপসী কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামক ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।তিনতলা বিশিষ্ট ভবনটির পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়েছে।

শের আলী নামে কারখানার এক নিরাপত্তা কর্মী জানান, তিনতলা বিশিষ্ট এই ভবনটির নিচতলায় স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। উপর তলাটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই আগুন ছড়িয়েছে বেশি। পুরো ভবনে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক  কাজ করে বলে জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, পূর্বাচল ও ডেমরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারূ কমিশনার (ভুমি) আফিফা খান।

ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেবাশীষ বর্মণ বলেন, ১২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির তৃতীয় তলায় আগুনের মাত্রা বেশি। কারখানা ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে কারখানার ভেতরে কেউ আছে বলে জানা যায়নি।

ইত্তেফাক/বিএএফ