‘এই খারাপ সময়ে অনেক উপকার হলি’- ঈশ্বরদীতে গালিবের ত্রাণ সহায়তা কার্যক্রম

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১০:১৫

'এই খারাপ সময়ে সহায়তা পেয়ে খুব উপকার হলি'- কথাগুলো বলছিলেন জিনারুল প্রামাণিক। করোনা কালীন সংকট মোকাবিলায় সদ্য প্রয়াত ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফের কাছ থেকে খাদ্য সহায়তা গ্রহণের পর কথাগুলো বলেন তিনি। পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় প্রায় ২৫ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এদিন।

খাদ্য সামগ্রী হিসেবে এ সময় ৫ কেজি চাল,১ কেজি ডাল , আধা লিটার তেল, আলু ১ কেজি, পেয়াজ আধা কেজি ও ১ টি সাবান প্রদান করা হয়।

ত্রাণ সামগ্রী গ্রহণ করার পর আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন বলেন, 'তার আব্বা শামসুর রহমান শরীফ (ডিলু) ভাই সারা জীবন ধরি আমাদের পাশে ছিলি। তুমাকে দেখি ভাল লাগলি। তুমিও তোমার আব্বার মতন পাশে আছাও।'

ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে যেনো স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সে জন্য খোলা মাঠে এই আয়োজন করা হয়। সেখানে ত্রাণ গ্রহণ করা দরবেশপুর গ্রামের লাল মিয়া জানান, কয়েক দিন ধরে ঘরে তেমন খাবার ছিল না। কারণ কাজ কাম নাই। এই দুর্যোগ কালীন সময়ে এই খাদ্য সামগ্রী পেয়ে তার চুলায় আবার আগুন জ্বলবে।

করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের সকল শ্রেণী ও পেশার মানুষের মাঝে ধারাবাহিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান সদ্য সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ। তিনি বলেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করেছি। করোনা সংকটে এলাকার মানুষ এখনও বিপর্যস্ত। আমার বাবা সারাজীবন ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষের পাশে থেকেছেন। এলাকার কোন মানুষ এই দুঃসময়ে যেন না খেতে পেয়ে কষ্ট ভোগ না করে। তাই আমরা এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে ২৫ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করেছি। এলাকার মানুষ যতদিন এই দুঃসময় হতে পরিত্রাণ না পাবে, ততদিন আমরা সহযোগিতা করেই যাবো।

তিনি আরো বলেন, আমার বাবা সবসময় ঈশ্বরদী ও আটঘরিয়ার অসহায় মানুষের পাশে থেকে সকল সংকটাপন্ন পরিস্থিতিতে সহায়তা করে গেছেন। আজ তিনি নেই, বাবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অত্র এলাকা থেকে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুর পর থেকে করোনা পরিস্থিতির মধ্যে তার পরিবার এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

ইত্তেফাক/আরএ