খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১০:৫৬

খুলনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো. হাসিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে নগরীর খালিশপুর লাল হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হাসিবের আরও দু’বন্ধু গুরুতর আহত হয়েছে।

নিহত হাসিব খালিশপুরের তৈয়েবা কলোনির হাবিবুর রহমানের ছেলে। সে খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে হাসিব ঘটনাস্থলে নিহত  এবং জোবায়ের (২৫) ও মো. রানা (২৫) নামে দু’জন আহত হয়। আহত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম