গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির বিষয়ে গঠিত সাত সদস্যের তদন্ত দল থেকে এক সদস্য পদত্যাগ করেছেন। এর আগে তদন্ত কার্যক্রম সকল প্রশ্নের ঊর্ধ্বে রাখতে দল থেকে মো. নজরুল ইসলাম হিরাকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে তদন্ত দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জন।
বৃহস্পতিবার দুপুরে তদন্তের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দলের সদস্য ইঞ্জিনিয়ার এস. এম. এস্কান্দার আলী।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত দলের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ওই সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং সে বিষয়ে আমাকে জানানো হয়েছে। পদত্যাগ গৃহীত হলে তদন্তের কাজে নতুন কোনো সদস্য যুক্ত করা হবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হবে।
হঠাৎ করে অন্য কোনো কারণে পদত্যাগ করলেন কিনা জানতে চাওয়া হলে ইঞ্জিনিয়ার এস. এম. এস্কান্দার আলী বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো কারণ নেই।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে ধর্ষণে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই
এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. শাহজাহানকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির বিষয়টি নজরে আসলে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশি অভিযানে ৩৪টি কম্পিউটার উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়। চোর চক্রের মূল হোতাকে ধরার জন্য এখনো পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসি
