সৈকতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ২ দিন পর সোনাদিয়াদ্বীপে উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৮:৫৮

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মাহফুজের মরদেহ দুইদিন পর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দ্বীপের চরে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা মঙ্গলবার নিখোঁজ হওয়া মাহফুজ বলে সনাক্ত করেন। 

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী ইমরান জাহিদ এ তথ্য জানান।            

সলিল সমাধি হওয়া শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজ (১৮) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানি নিয়াজি এলাকার দুবাই প্রবাসী মাহবুবুল আলমের ছেলে।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে তদন্ত দল থেকে এবার এক সদস্যের পদত্যাগ

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন নিখোঁজের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্ধুদের ২৪ জনের একটি দল কক্সবাজার বেড়াতে আসে। পরে বিকালে তারা সমুদ্র সৈকতে ঘুরতে বের হয়। বিকাল সাড়ে ৪ টার সময় বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে ঢেউয়ের টানে মাহফুজ তলিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সোনাদিয়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এসি