জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলা তত্কালীন বিএনপি-জামায়াত সরকার কর্তৃক সশস্ত্র বাহিনী-সামরিক গোয়েন্দা সংস্থা-বেসামরিক গোয়েন্দা সংস্থা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশসহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার নগ্ন জঘন্য হামলা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।
ইনু-শিরীন বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলা ‘টেক্সটবুক পলিটিক্যাল ক্লিনজিং’-এর একটি সুস্পষ্ট ঘটনা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরোচিত যুদ্ধাপরাধ-গণহত্যা, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ১৯৭৫ থেকে ১৯৭৮ পর্যন্ত সামরিক জান্তা জিয়া কর্তৃক কর্নেল তাহেরসহ সশস্ত্রবাহিনীর শত শত অফিসার ও সৈনিক হত্যার ঘটনা আর ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা একই সূত্রে বাঁধা। ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
জাসদের কর্মসূচি
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাসদ ও ১৪ দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ আজ শুক্রবার সকাল ৮টায় জাসদ কার্যালয়ে জমায়েত হয়ে সকাল সাড়ে ৮টায় ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাস্থল আওয়ামী লীগ অফিসের সামনে স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
