বেনাপোল দিয়ে শর্ত সাপেক্ষে দেশে ফিরলেন পাঁচশ ভারতীয়, গেছেন ১২ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীও

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:২৫

করোনা ভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকরা বেনাপোল চেকপোস্ট দিয়ে শর্ত সাপেক্ষে ফিরতে শুরু করছেন। গত তিন দিনে এই চেকপোস্ট দিয়ে প্রায় পাঁচশ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। অপরদিকে বাংলদেশি পাসপোর্ট যাত্রী গেছেন ১২ জন।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বেনাপোল বন্দর দিয়ে সকল পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমণে নিষধাজ্ঞা জারি করেন ভারত সরকার। দীর্ঘ চার মাস ২৩ দিন পর ভারত সরকারের দেওয়া শর্তে তারা প্রবেশ করছেন।  

শর্তগুলোর মধ্যে ছিল- ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট ও ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশিদের ক্ষেত্রে ১ জুলাই ২০২০ এর পরের ভিসা হতে হবে এবং নন কোভিড সার্টিফিকেট আনতে হবে। তবে পুরাতন ভিসা থাকলে তাকে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও নন কোভিড সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন: ওসি প্রদীপসহ অভিযুক্ত প্রধান তিন আসামিকে নিয়ে হত্যাস্থল পরিদর্শন র‌্যাবের

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, শর্ত অনুযায়ী সকল কাগজপত্র সঠিক থাকলে সকল যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেন।

ইত্তেফাক/এসি