বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। এর আগে জারি করা এক বছরের নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
মালদ্বীপের সংবাদমাধ্যম দ্য এডিশন বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৯ সালে যে কোনো দেশের জন্য মালদ্বীপে দেড় লাখ অভিবাসীর কোটা নির্দিষ্ট করেছিলেন অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফায়াজ ইসমাইল। বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ইতিমধ্যে ওই কোটা ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে কর্মী নিতে পারবে মালদ্বীপ। তবে এ নিষেধাজ্ঞা পেশাদার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আরো পড়ুন: কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিল ভিয়েতনাম
ওই খবরে বলা হয়েছে, দেশটিতে ওয়ার্কিং ভিসার আওতায় যাওয়া ৬৩ হাজার অভিবাসী বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার জানায়, এখন পর্যন্ত পাঁচ হাজার ৪৯ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর আগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছিল ২০২০ সালের মধ্যে প্রায় ২০ হাজার কর্মীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ইত্তেফাক/ইউবি
