২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে এক স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করেছে মস্কোর বাংলাদেশ দূতাবাস। মস্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহসানের সভাপতিত্বে আয়োজিত সভায় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার মস্কোর বাংলাদেশ দূতাবাস জানায়, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। ২১ অগাস্টে শহীদ সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ২১ আগস্টে হামলায় নিহতদের ত্যাগের কথা স্মরণ করেন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা এ ন্যাক্কারজনক ঘটনার পটভূমি ও ঘটনাপ্রবাহ আলোচনা পূর্বক দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান।
আলোচনা সভায় সভাপতির রাষ্ট্রদূত কামরুল আহসান একুশে অগাস্টের হামলার কঠোর নিন্দা করে বলেন, এ ঘটনা জাতীয় বিপর্যয়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রদূত তার বক্তব্যে একুশে অগাস্টের হতাহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাদের ত্যাগকে সবার সামনে তুলে ধরার আহ্বান জানান।
পরিশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকের কাপুরুষোচিত আক্রমণে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সবার আত্মার চিরশান্তি কামনা করে দোয়া মাহফিল আয়োজন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/কেকে
