রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় গুরু বনভন্তের শততম জন্মদিন উদ্যাপিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪০

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙ্গামাটি রাজবন বিহারের অধ্যক্ষ প্রয়াত শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের শততম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি রাজ বন বিহারে গতকাল মঙ্গলবার ভোর থেকে নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরমধ্যে ভোরে কেক কাটা, বেলুন উড়ানো ও বনভন্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে (বিশেষ কফিন) ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। ভোরের দিকে রাজ বন বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘের প্রধান শ্রীমত্ প্রজ্ঞালংকার মহাস্থবির একশ পাউন্ডের কেক কেটে শততম জন্মদিনের শুভ সূচনা করেন। এর আগে ফেস্টুন ও বেলুন উড়ানো হয়। এছাড়া রাজ বন বিহারের ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বনভান্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে (বিশেষ কফিন) ফুলেল শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বত্সর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন।