দৌলতদিয়ায় যৌনকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪১

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে গলাকেটে হত্যার ঘটনায় মঙ্গলবার আকলিমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ঘাতক দলের প্রধান আইয়ুব আলী মোল্লা তার কথিত স্বামী।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় আইয়ুব আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা নিলার উপর ক্ষিপ্ত হয়ে তার গলা কাটে। হত্যা নিশ্চিত হওয়ার পর আইয়ুব আলী তার সহযোগীদের নিয়ে আকলিমা বেগমের ঘরে যায়। এ সময় আকলিমা তাদের পালিয়ে যেতে সহায়তা করে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীর গলা কেটে হত্যার ঘাতক দলের প্রধান আইয়ুব আলী মোল্লা। ওই হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে তার কথিত স্ত্রী যৌনকর্মী আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক আইয়ুব আলীসহ পলাতক পাঁচ যুবককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।