খাগড়াছড়ির রামগড় বাজারে পুলিশ বক্সের অদূরে সন্ত্রাসীর হামলায় আহত হয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নিজাম উদ্দিন লাভলুর ভাতিজা মো. হাসিফ উদ্দিন সিয়াম(১৯)। সে রাঙ্গামাটি কৃষি ইন্সটিটিউটের শিক্ষার্থী। শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সিয়াম রামগড় বাজারের উপকণ্ঠে পুলিশ বক্স হতে কয়েক গজ দূরে অবস্থিত সোনালী ব্যাংকের সন্মুখের রাস্তা দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে কয়েকজন সন্ত্রসী তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে টানাহেঁছড়া করে সোনালী ব্যাংকের নিচ তলায় মার্কেটের গলিতে নিয়ে এলোপাথাড়িভাবে মারধর করে।
মার্কেটের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় জিয়া, মামুন, রনি, বাঁধনসহ ৬-৭জন সিয়ামকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মারছে। এছাড়া সন্ত্রাসীরা ইট, লাঠি ও ফলের প্লাস্টিকের শক্তবক্স দিয়ে তার সমস্ত শরীরে আঘাত করে। সন্ত্রাসীদের এ হামলায় তার মাথা ফেটে যায়। এছাড়া হাত পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় বাজারের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এদিকে, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
