আশাশুনিতে শিশুর ধর্ষক ও হত্যাকারীর ফাঁসির দাবি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

সাতক্ষীরার আশাশুনিতে প্রাইভেট পড়তে যাওয়া ২য় শ্রেণির শিশু ছাত্রীর ধর্ষক ও তার হত্যাকারীর ফাঁসির দাবিতে মঙ্গলবার মানববন্ধন হয়েছে। আশাশুনি সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। আরো বক্তব্য রাখেন আশাশুনি ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আশাশুনি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়া ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে পুকুরে ফেলে হত্যার দায়ে ঘাতক জয়দেব সরকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার দাবি জানান।