সাভারে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকার বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তারের কক্ষ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ওই যুবকের নাম তাইজুল ইসলাম (৩৫)। সে রাজশাহী জেলার বাঘাঁ থানার বাউশা হাকাটিপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। নিহত তাইজুল আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে হিমালয় কসমেটিক্স (প্রসাধনী) কোম্পানিতে চাকরী করতো বলে জানা গেছে।
এ ঘটনায় নিহত ওই যুবকের ভাই বাদি হয়ে সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তারকে গ্রেফতার করে।
এছাড়া যার কক্ষ থেকে তাইজুলের ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম খাদিজা আক্তার (৩৪)। সে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উথুলী গ্রামের চাঁনমিয়ার মেয়ে। স্বামী বিদেশে থাকায় তিনি সাভারের জিঞ্জিরা এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
আরো পড়ুনঃ সুন্দরগঞ্জে রাস্তাগুলোর বেহাল দশা আজও কাটেনি
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকলেও তিনি নিয়মিত এখানে বসবাস করতেন না। শনিবার বিকেলে দেবর পরিচয়ে তাইজুল ইসলাম নামের এক যুবকে বাসায় নিয়ে আসে খাদিজা। এরপর রাতে তাইজুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত জানান, নিহত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ ঘটনায় নিহত ওই যুবকের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলায় খাদিজা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এমএএম
