বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

চট্টগ্রাম:  ভোররাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে লরির চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। অটোরিক্সাটি রাস্তার মধ্যে পিষ্ট হয়ে গেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বরগুনার রাজু মিয়া(৪০)।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার কয়লা দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩২)।

উলিপুর (কুড়িগ্রাম):সকালে পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের নুর ইসলাম স্বাধীনের ছেলে সাফি (১৭) বাড়ি থেকে মোটরসাইকেলে চৌমহনি বাজারে যাচ্ছিল। এ সময় যাদুপোদ্দার ব্রিজের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাফি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

কালিহাতী (টাঙ্গাইল): ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার আহত হয়েছে। নিহত ট্রাক চালক কালিয়াকৈরের কাঠালতলী এলাকার মাহেন্দ্র সরকার (৬০)।

কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জে নতুন মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় নিহত হলেন আলী হোসেন (৪৫)। এ সময় আহত হয়েছে পারভেজ নামে আরেক যুবক। আলী হোসেন কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকান্দা সড়কে মাটিকাটার লরি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আ. রহিম (৪৫)।

ফুলপুর (ময়মনসিংহ):দুপুরে ফুলপুরে ট্রলির চাপায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। তার নাম জাকিরুল ইসলাম (৮)। সে উপজেলার জারুয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ):বিকালে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম জহুরুল ইসলাম(৩৫)। তিনি উপজেলার চরঘাটিনা গ্রামের ছাইদুর রহমানের ছেলে।