ডিএসই’র লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়াল

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪২

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১০০ কোটি ৫ লাখ টাকা বেশি। এর আগে ১১ অক্টোবর ডিএসইতে ৬৪৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। এর পর ৬শ’ কোটির নিচে নেমে যায়। তবে গতকাল লেনদেন বাড়লেও সূচক কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবার ডিএসইতে মোট ৩৩৭টি কোমপানির ১৪ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৫৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬৩১ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৫২৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৮৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার। 

লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ইফাদ অটোস, এস কে ট্রিমস, শেফার্ড ইন্ডা., কাট্টালি টেক্সটাইল, সায়হাম কটন, অ্যাক্টিভ ফাইন ও লিব্রা ইনফিউশনস।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৯০  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই  ২ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৪ দশমিক ৫১ পয়েন্টে। গতকাল লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।