অনকি আহমদে
অন্ধ ব্যক্তির চলাফেরায় যাবতীয় সুবিধাসম্পন্ন আধুনিক ব্লাইন্ড স্টিক উদ্ভাবন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তন্ময় রায়। এই ব্লাইন্ড স্টিকের বিশেষত্ব হলো, এর মধ্যে থাকা আলট্রা সনোমিটার ফিচারের মাধ্যমে চলার পথে যে কোনো বাধা অন্ধ ব্যক্তি সহজেই বুঝতে পারবে। তিনি হারিয়ে গেলে অবস্থান নির্ণয়ের জন্য রয়েছে জিপিএস ফিচার। স্টিককে আরো আপডেট করতে যুক্ত করা হয়েছে ওয়াটার সেনসর, পালস সেনসর ও ইমারজেন্সি বাটন ফিচার। ওয়াটার সেনসরের মাধ্যমে অন্ধ ব্যক্তির কাছে পানি থাকলে তা বুঝা যাবে। পালস রেট মাপা ও যে কোনো বিপদে কল বা বার্তার মাধ্যমে সাহায্যের জন্য কাজ করবে বাকি দুইটি ফিচার।
ডিভাইসটি তৈরিতে প্রায় ১৭ হাজার টাকা ব্যয় হয়েছে। তবে বাণিজ্যিকভাবে উত্পাদন করা হলে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যাবে। তন্ময় বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এমন ডিভাইস তৈরি করলেন। অনুভূতি ব্যক্ত করে তন্ময় বলেন, ‘অন্ধ ব্যক্তির জন্য কিছু করতে পেরেছি বলে আমি অত্যন্ত খুশি। তাদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই ডিভাইসটি সেক্ষেত্রে কিছুটা হলেও আলোর পথ দেখাবে।’
