রেমি ও তার নন্দিতা সুরক্ষা

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:০২

  মাহবুব নাহিদ

 

ফরিদপুরের কন্যা তাহিয়াতুল জান্নাত রেমি গত তিন বছর ধরে নানা সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। কখনো মানবকল্যাণে পাশে দাঁড়িয়েছেন এতিমদের, কখনো প্রতিবন্ধীদের, কখনো বেঁদে বা মেথরদের। কাজের শুরুটা একটি ছোট্ট শিশুকে সাহায্যকে কেন্দ্র করে, এরপর কেমন নেশার মতো হয়ে যায় এই কাজগুলো। নিজেও আরো কাজের সঙ্গে যুক্ত হন, অন্যদেরও করেন। স্বেচ্ছাসেবকই নয়, স্বেচ্ছাসেবিকাও তৈরি করলেন অনেক। ফরিদপুর সুইপার কলোনিতে রয়েছে তার প্রতিষ্ঠিত স্কুল হাসিমুখ। এছাড়া তিনি বর্তমানে নন্দিতা সুরক্ষা নামে একটি সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা।

যৌন হয়রানির মতো বিষয় নিয়ে কাজ শুরু তাদের, এরপর মাসিক সুরক্ষাসেবা প্রদানে কাজ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধে সেমিনার ও মাসিক সুরক্ষা ব্যাংক তৈরির কাজটি ফরিদপুর জেলায় তারাই করছেন এবং তাদের নিজেদের উদ্যোগ এটি। কোভিড-১৯-এ ৪৫০ পরিবারে মানবিক সহায়তা এবং ৫০০ নারীর সুরক্ষাসামগ্রী প্রদান করার জন্য নিরলস কাজ করেছেন লকডাউনের সময়টায়। রেমি বলেন, ‘এই কাজগুলোতে প্রতি মুহূর্তে একজন নারী বলে বাধাগ্রস্ত হতে হয়, কটু কথা শুনতে হয়। আমাদের সমাজ স্বেচ্ছাসেবক হিসেবে একজন নারীকে সহজে মেনে নিতে পারে না। তবু সব বাধাবিপত্তি অতিক্রম করে পরিবারের অনুপ্রেরণায় আমি নিজেকে নারী নয়, মানুষ হিসেবে অন্যের সাহায্যে এগিয়ে দিই।’