কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখার এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। তার নাম মেহেদী হাসান জয় (১৬)। সে উপজেলার বিন্নাটি-আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। তাকে বাঁচাতে গিয়ে ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষক এখলাসউদ্দিন আহত হন।

শিক্ষক এখলাসউদ্দিন জানান, ঘটনার দিন জয় ইংরেজি বিষয়ে কোচিং ক্লাস করার জন্য বিদ্যালয়ে আসে। এ সময় একই প্রতিষ্ঠানের নিউ টেন ক্লাসের ছাত্র সাব্বির এবং তার বন্ধু রিয়েল ও তারেক জয়কে ক্লাসরুম থেকে ডেকে বাইরে নিয়ে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বির পকেট থেকে ছুরি বের করে জয়ের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। চিত্কার শুনে শিক্ষক এখলাসউদ্দিন দৌড়ে বাইরে এলে তার ওপরও আক্রমণ চালায়। জয়কে দ্রুত জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আশপাশের লোকজন তারেককে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।