ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, চালক নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৪:১২

গাইবান্ধার ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকচালক নিহত ও চালকের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সাথে ৫/৬টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া (জোড় পলতা) এলাকায় কালিরবাজার-বাদিয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এবং দুপুর দেড়টার দিকে ট্রাক চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭শত বস্তা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ফুলছড়ি উপজেলার কালিরবাজারের দিকে যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে ওই এলাকায় ট্রাকটি বেইলি ব্রিজটির ওপর উঠলে ব্রিজের পশ্চিম পাশের রেলিং ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক নিহত ও তার সহকারী আহত হন।

তিনি আরও জানান,  দুপুর দেড়টা পর্যন্ত  ট্রাক উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত আছে। এছাড়া হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু জানান, ২০০৮ সালের বন্যায় ব্রিজ ভেঙে গেলে সেখানে স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। পরে ২০১৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হলে ব্রিজটি মেরামত করা হয়। অতিরিক্ত মাল বোঝাই এর কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

ইত্তেফাক/এমআরএম