মুলাদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বেলা ১১টায় প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুলাদী-মীরগঞ্জ সড়কে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ, প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়, প্যাদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী অভিভাবক, বন্দর ব্যবসায়ীদের অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বখতিয়ারউদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য জালাল ঘরামী, বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. নিজামউদ্দীন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন প্রমুখ। মানববন্ধনের সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার ওই স্থানে যান এবং স্কুলছাত্রী তামান্না হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
